মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

যন্ত্রনার সাতকাহন!

☼

 ...ইদানিং হঠাৎ হঠাৎ আমার বুকের ভেতর কেমন ছ্যাঁৎ করে ওঠে। 'ছ্যাঁৎ' মানে বুঝেছেন? নানান স্কেল আর কাঁটা কম্পাস নিয়ে বুকের ঠিক মাঝখানটা বের করতে পারলে হয়তো ভিজ্যুয়ালি দেখানো যেত এই ছ্যাঁৎ করে ওঠা অনুভূতির যে যন্ত্রনা তার তীব্রতা কতটা গভীর। আচ্ছা, যন্ত্রনার তীব্রতা পরিমাপের কি কোন স্কেল আছে? আছে বোধহয়, কিভাবে জানলাম? একটা ঘটনা বলি...

একবার হুট করেই আমার বুকের ডান দিকে প্রচন্ড রকম ব্যথা আরম্ভ হলো। আমার সহজে অসুখ-বিসুখ হয় না। এজম্যই কিনা, সামান্য অসুখেই আমি ভরে আধমরা হয়ে যাই। সুইটির এসব নিয়ে বিরক্তির শেষ নেই। যাইহোক, বুকের ব্যথা দিন দিন ভয়ংকর রূপ নিলো। প্রতি নিশ্বাসে নিশ্বাসে ব্যথা করতে লাগলো। উপায়ন্ত না দেখে সুইটি আমাকে অনেকটা ধরে বেঁধেই এক সন্ধায় ডাক্তারের কাছে নিয়ে গেলো। 

ডাক্তার স্টেথেস্কোপ নিয়ে এখানে ওখানে টিপ দিয়ে জোরে নিশ্বাস নিতে বললেন। আমি বললাম জোরে নিশ্বাস নিলে আমি বুকে ব্যথা পাই। আমার কথাকে মনে হলো না উনি খুব একটা পাত্তা দিলেন। উলটো আমাকে তার কাছাকাছি নিয়ে দাঁড় করিয়ে বুকের ব্যথা বরাবর সজোরে চাপ দিলেন। ব্যথায় অন্তরাত্ত্বা কেঁপে গেলেও একজন স্ট্রং পুরুষের মতই মুখে হাসি ধরে রেখেছি। পুরুষ মাত্রই বুকে ব্যথা আর মুখে হাসি ধরে রাখার ক্ষমতা নিয়ে জন্মায়।

ডাক্তার কি বুঝলো কে জানে, প্রেসক্রিপশনের এ পাতা ও পাতা ভরাট করে দূর্বোধ্য ভাষায় কি কি যেন লিখে দিলেন। ভাগ্যিস আমার সাথে (প্রায়) ডাক্তার সুইটি ছিলো। সে প্রেসক্রিপশন দেখে জানালো, আমাকে প্রায় হাফ ডজন টেস্ট এবং কেজিখানেক ঔষধ দেয়া হয়েছে। জিজ্ঞেস করলাম, 'লাস্টে জমদূতের মত বুকের উপ্রে যাতা দিলো কেন?' ও বললো এটা নাকি 'পেইন টেস্ট' করছে!
আমি জিজ্ঞেস করলাম, তোমার কি মনে হয়? পেইন টেস্টে কত মার্কস পেয়েছি?
ও বললো, ডাক্তারেরটা জানি না, আমি হলে দশে তিন দিতাম! 😁
আমি অবাক হয়ে বললাম, মাত্র তিন? ব্যথায় আমার কলিজা এফোড়ওফোর হয়ে গেছে, দশে অন্তত আট-নয় পাওয়ার কথা ছিলো!
সুইটি ভ্রু কুচকে বললো, সেইটা তো তোমার মুখের ভাব দেখে বুঝা যায় নাই। চাপ দিলে যদি 'ওরে বাবা-রে' বলে চিল্লানি দিয়ে উঠতা, তাহলে হয়তো ছয়-সাত পাইতা। আর ব্যথায় অজ্ঞান হয়ে গেলে নয়।
দশ পাওয়ার জন্য কি করতে হবে তা আর জিজ্ঞেস করার সাহস পেলাম না!

চিন্তা করুন, দুনিয়াতে ব্যথা পরিমাপের স্কেলের হচ্ছে এই বেহাল দশা।  

☼

যাইহোক, আমার বিশ্বাস বুকের ভেতর 'ছ্যাৎ' করে ওঠা যন্ত্রনার তীব্রতা ডাক্তারদের পক্ষে মাপা সম্ভব নয়। সম্ভব হলে ডাক্তার সুইটি অবশ্যই কোন না কোন ব্যবস্থা নিতেন। কেননা বুকের গভীর থেকে দেহের প্রতিটি কোষে কোষে ক্যান্সারের মত ছড়িয়ে যাওয়া তীব্র এই যন্ত্রনার রূপকার তিনি। যার ভালোবাসা সুন্দর, তার দেয়া যন্ত্রনা যে পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক তা আমি হাড়ে-হাড্ডিতে টের পাচ্ছি।

এই ধরুন আজ খুব সকালে স্বপ্ন দেখছিলাম, যন্ত্রনার স্বপ্ন। অদৃশ্য কোন জায়গা থেকে আমার দিকে মুহুর্মুহু তীর ছুটে এসে শরীরে বিঁধছে। সেইসেই তীর নয়, তীরের ফলায় লাভার মত আগুন, শরীর ঝলসে এফোড়ফোড় করে তীরগুলো আমাকে ছিন্ন করে বেড়িয়ে যাচ্ছে। যখন আর সহ্য করতে পারছিলাম না, তখনই আমার ঘুম ভেঙ্গে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, বিছানার পাশের জানালাটা হাট করে খোলা, সেখান দিয়ে তীব্র ঠান্ডা বৃষ্টির ফোটা তীরের আমার গায়ে এসে পড়ছে। হাফ ছেড়ে বাঁচলাম, স্বপ্ন বৃষ্টিকে তীরের বানিয়ে দিয়েছে।

পরক্ষনেই ঐ ছ্যাৎ করে ওঠা যন্ত্রনাটা আমাকে পেয়ে বসলো। খুব ইচ্ছে করছে ওকে ফোন দিয়ে বলি, 'এ্যাই, আমার এখানে কুত্তা-বিলাই টাইপ বৃষ্টি হচ্ছে, তোমার ওখানে বৃষ্টি হয় না??'
যন্ত্রনাগুলো বুক থেকে কোষে ছড়াচ্ছে, আমি আর দেরি করলাম না। আস্তে আস্তে ছাদে চলে গেলাম। ব্যস্ত শহর এখনও ঘুমাচ্ছে। বৃষ্টিস্নাত সকালের আলসেমিতে পুরো শহরবাসী আচ্ছন্ন। কতদিন আয়োজন করে বৃষ্টিতে ভেঁজা হয় না। বৃষ্টির ফোটা ছুঁয়ে যেতেই অদ্ভূত এক ঘোর লাগা অনুভূতির অবতারনা হয়। আমি এসব অনুভূতির প্রকাশ জানি না, হয়তো জানবোও না কোনদিন!


মাহদী জামান 

২৭-০৬-২০২৩




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

The Proper Way To Leave Someone!

কাউকে ছেড়ে যেতেই হলে তাকে একেবারে ভেঙেচুরে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ছুঁড়ে চলে যাওয়া বড্ড অমানবিক। হতেই পারে আপনার কাছে ১০১টা ভ্যালিড কারণ আছে ছেড়ে ...