বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

The Proper Way To Leave Someone!

কাউকে ছেড়ে যেতেই হলে তাকে একেবারে ভেঙেচুরে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ছুঁড়ে চলে যাওয়া বড্ড অমানবিক। হতেই পারে আপনার কাছে ১০১টা ভ্যালিড কারণ আছে ছেড়ে যাওয়ার। তবু, যাওয়ার আগে তাকে বোঝান কেন আপনার থাকা আর সম্ভব নয়। তার পাশে বসে একটু অপেক্ষা করুন পুরো ব্যাপারটার সাথে তাকে একটু ধাতস্থ হতে সময় দিন। সে জেদ করলে, বুঝতে না চাইলে, থেকে যেতে বললে বা আরেকটু বসতে বললে তাকে কনভিন্স করুন কেন এই সম্পর্কটা রাখা আপনার পক্ষে আর সত্যিই সম্ভব নয়। হ্যতো আজ থেকে সে আপনার আর কেউ না, কিন্তু সুদীর্ঘ একটা সময় জুড়ে সে আপনাকে ঘিরে তার স্বপ্ন সাজিয়েছে, আপনার মুখে হাসি ফোটাতে সদা ব্যাতিব্যস্ত হয়েছে, তার প্রতিটা অভ্যাস, হাসি-আনন্দ, কান্না-অভিযোগ ঘিরে আপনি ছিলেন। হুট করে সে অনুভূতির অনুপস্থিটা মেনে নিতে না পারাই স্বাভাবিক।

হতে পারে সে-ই ভুল। কিন্তু যাওয়ার বেলায় তার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে, হুট করে ব্লক করে দিয়ে, যোগাযোগ করার সমস্ত উপায় বন্ধ করে দিয়ে, তাকে ভ্যালিড কোনও কারণ না দিয়ে, চোখের জল ফেলিয়ে, তার মেন্টাল ট্রমা / ডিপ্রেশন/ প্যানিক অ্যটাকের কারণ হয়ে, রাতের ঘুম কেড়ে নিয়ে, ভবিষ্যতে কাউকে আর বিশ্বাস না করতে পারার কারণ হয়ে, ভালোবাসার প্রতি তীব্র আতংক তৈরীর কারণ হয়ে; আপনিও বোধহয় সঠিক কাজ করবেন না।






বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ভুল স্মৃতি!

 

তোমার সাথে বিচ্ছেদের এতোদিন পরে এসে মনে হচ্ছে, সেদিন যদি তোমার সাথে আমার দেখাটা না হতো। অন্তত পরের বার আমরা আর না জড়াতাম। তাহলে হয়তো আজ তোমায় নিয়ে সৃষ্টি বিষন্ন সব দুঃসহ স্মৃতি বয়ে বেড়ানোর সাজাটা আমায় ভোগ করতে হতো না।

ভেবেছিলাম, সময় সব ভুলিয়ে দেবে। কিন্তু প্রতিটা নিঃশ্বাসে আজও তোমার ছায়া লেগে থাকে। রাত্রির একান্ত নীরবতায়, কোনো প্রস্তুতি ছাড়া হঠাৎই তোমার কথা মনে পড়ে যায়। মনে হয়, আমাদের শেষ দেখা সেদিনই হতো যদি... তাহলে হয়তো ভুলে যেতে পারতাম, এই বুকের ভেতর এতটা ভার জমে থাকতো না।

তুমি জানো? আমি কতবার তোমায় ভুলে যেতে চেয়েছি। চেয়েছি, নতুন ভোরের আলোয় তোমার সমস্ত স্মৃতি মুছে ফেলতে। কিন্তু যতবারই চেষ্টা করেছি, ততবারই তোমার স্মৃতিরা আরও গভীর শেকড় ছড়িয়ে বসেছে আমার হৃদয়ে। অন্তত তুমি তো আমাকে সব থেকে ভালো চিনতে-জানতে। কতটা আবেগী আর দুঃখ বিলাসী ছেলে আমি। অথচ একটাবারও খোঁজ নিলে না - কেমন কষ্টে কাটে রাত!



আজ এতদিন পরে ফিরে তাকিয়ে দেখি—তোমাকে হারানোটা কষ্টের ছিল, কিন্তু তোমাকে পাওয়ার সেই সুদীর্ঘ সময়টাই বোধহয় সবচেয়ে বেশি বিষণ্ণ সুখের।

হয়তো আর কখনোই দেখা হবে না আমাদের। হয়তো কোনো এক বিকেলে দু’জন দু’পথে হেঁটে যাবো, অপরিচিতের মতো। তবু জানবে, কোনো এক মন খারাপের দিনে আমি এখনো তোমাকে মনে করি... নিঃশব্দে।


বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

তারারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে... 🌠

সেদিন সন্ধ্যায় জাবির পুরান কলা ভবনের বৃদ্ধ জারুল গাছের নিচে তোমাকে আকড়ে ধরে সেই আকুতি ভরা কান্নার পর আর কোনদিন দেখা হয় নি তোমার সাথে, যোগাযোগ হয় নি। পাগলের মত দৌড়ে বেড়িয়েছি আমি। অসহায়ের মত হাহাকার করেছি তোমার কন্ঠে দুটো শব্দ শোনার জন্য। কতটা নির্দয়ের মত আচরন করেছিলে তুমি। আমাকে ভেঙ্গেচুরে খানখান করে দিয়েছো!
এরপর আজ অনেকগুলো দিন কেটে গেছে, সময়ের সাথে সাথে দূরত্ব কেবল বেড়েছেই। তোমার পথ ছেড়ে দিয়ে একদম নিঃশব্দে চলে এসেছি নিরূপায় আমি। - তাও কি মুক্তি মিলেছে আমার?

তুমি লিখেছিলে, 'আমি আর নেই প্রিয়, তুমি কেন বোঝো না?' আমি সত্যিই বুঝি নি। আমার বিশ্বাস হয় নি। তুমি আমাকে কথা দিয়েছিলে, আমাদের একটা সংসার হবে। লাল-নীল সংসার। তুমি আমার ছোট্ট লাল খামে কথা দিয়েছিলে, 'You and I are perfect for each other, never believe anything else!' আমি কিভাবে তোমার চলে যাওয়া বিশ্বাস করতাম বলো?


প্রায় রাতেই দূরের ঐ তাদের দিকে তাকিয়ে ভাবি, হাজার হাজার আলোকবর্ষ দূরে থাকার পরও তো ঐ তারাদের দেখতে পাই। তুমি কি ওদের চেয়েও দূরে? তোমায় কেন আর কোনদিন দেখতে পাই নি আমি? কেন ভুল করেও আর কোনদিন দেখা হয় যায় না?

 

কি ভয়ানক নিঃসঙ্গতায় ভরা অসীম দূরত্ব আমাদের মাঝে,
কই এমন তো হওয়ার কথা ছিলো না কোনদিন!











বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

তোমারে যত্ন করে কান্দাইছি, ক্ষমা কইরা দিও!

যে সব অবহেলার বাতাসে তোমাকে উড়িয়ে দিয়েছিলাম একদিন, সে সব বাতাস আজকাল আমার চাদরে ঢাকা শরীরে ঝিরিঝিরি করে ঢুকে পড়ে। জানান দেয় তুমি বুকের ভেতর এক অদ্ভুত কাঁপনিতে আটকে গেছো, মনে পড়ায়, মন পোড়ায়! 

তোমাকে যে ঝড়ের আঘাতে ফেলে দিয়েছিলাম একদিন ভালবাসা কেড়ে নেওয়ার আবহাওয়া বার্তায়;  সে সব ভালবাসা আজকাল আমাকে ঘন্টায় হাজার মাইল বেগে উড়িয়ে নিয়ে যায়! 

তোমার যে সব স্বপ্ন আমি কেড়ে নিয়ে নিশ্ছিদ্র অলসতায় সাড়া দেই নি কোন মিনতিতে, দাবড়ে বেড়ানো যে সব স্বপ্ন ছেড়ে দিয়েছিলাম আদিখ্যেতার ঘূর্ণিপাকে, সেই সব স্বপ্নই আজকাল আমাকে দাবড়ে মারে। যেমনে দাবড়ে মারে খুনের দায়ে পলাতক দাগি আসামীকে আইনের হাত!


তোমারে যত্ন কইরা কান্দাইছি! ক্ষমা কইরা দিও।

এই যে তুমি এখন আর আমার নাই!  তুমিহীন-ভূমিহীন হৃদয়ে কেবলই নদীর বুকে জেগে ওঠা চরের পাড়। তুমি নেই এই একটা দুঃখ আমার জ্বরের ঘোরে, একলা রাতে, পাহাড় চূড়ায় বা সাগর তীরে, স্মৃতি আর মায়ার ঈন্দ্রজালে ওলটপালট করে দেয় পুরো একটা জীবনের হিসাব!

বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

শেষ কথা!

 জীবনে কত কি হারাইলাম, স্থায়ী হইলো কেবল তোমারে হারানোর যন্ত্রনা। তুমি তো কত কইরাই কইছিলা, যত যাই হোক তুমি আমারে ছাইড়া যাইবা না।

আমি তো বিশ্বাস করতে চাই নাই তখন এইসব। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরাইতো। তুমিই তো বুকে তুইলা নিলা। মাথায় হাত বুলায়া সাহস দিলা। কইলা সব ঠিক কইরা দিবা। আমি এক সময় চোখ বন্ধ কইরা সেইসব বিশ্বাস কপ্রতে শুরু করলাম। পুরান সব ক্ষত পিছে ফালায়া তোমারে নিয়া স্বপ্ন দেখার দুঃসাহস করলাম।

আমি মানি সময়টা আমাগো খুব ভালো যায় নাই। তবুও তো ৬টা বছর মনের মিল ছাড়া তো আর এক লগে থাকা যায় না। কতই তো দুইজন দুইজনরে ছাইড়া যাওয়ার কথা হইতো। কিন্তু ছাইড়া কি থাকতে পারতাম। তোমারে ছাড়া দুনিয়াটা শূণ্য লাগতো আমার। তামাম জগত আমার প্রতিকূলে মনে হইতো।

সেই তুমি এতদূর রাস্তা একসাথে আইসা ছাইড়া যাওয়ার সীদ্ধান্ত নিলা। আমার কাছে একবার জানতেও চাইলা না আমি কি চাই। যেন এতো বছরের এই সম্পর্কে আমি দুধভাত ছিলাম। বিদায়ও নিলা না, চইলা গেলা।

আমি মাত্র একটা মানুষ হারাইলাম, তাজ্জব হইয়া আবিষ্কার করলাম পুরা দুনিয়াটা শূন্য লাগতাছে আমার।

পাগলের মত চোখের জল ফেলছি আমি রাইতের পর রাইত। সহ্য করতে না পাইরা ছাদে গিয়া চিৎকার করতাম। কি জঘন্য আচরন তুমি করতা, কত অপমান করতা আমারে। এরপর সকাল হইলেই অফিস, কাজ, মিটিং, ক্লাস। সব এলোমেলো হইয়া গেলো আমার। মাস্টার্সে সেমিস্টারের পর সেমিস্টার ড্রপ যাইতে লাগলো। তুমি আমারে আইন-আদালতের ভয় দেখাইতেও ছাড়লা না। আমি এর কাছে ওর কাছে গিয়া ধর্না দিতে লাগলাম। 'আমার সুইটুরে আইনা দেও, ওরে ছাড়া আমি থাকতে পারি না।' তোমার বাসায় গেলাম, তোমার বাবারে দিয়া ভয়ভীতি দেখায়া চইলা যাইতে বললা। যতটা অপমান লইয়া আদম বেহেশত ছাইড়া বাইর হইয়া আইছিলো, তারচেয়ে বেশি অপমান লইয়া আমি তোমার বাড়ি ছাইড়া বাইর হইছিলাম! 

আহারে আমার সুইটু, আমার প্রিয়তমা - একটাবার খোঁজও নেও নাই তুমি। একবার ফিরাও তাকাও নাই!

আমি কি এতোটাই খারাপ ছিলাম কও তো তুমি? আমি তো কোনকিছুতে কখনও আটকাই নাই তোমারে সুইটি। আমার লগে এমন জঘন্য ব্যবহারগুলা না করলে কি হইতো না? এই আমি কত ভালোবাসছি তোমারে। তোমার ছোট ছোট ইচ্ছা পূরণের জন্য কি না করছি। কত আদরে-যত্নে তোমারে আমি এতোগুলা বছর আগলায়া রাখছি। কি দারুন প্রতিদান দিলা তুমি সেইসবের প্রিয়তমা!

তোমার প্রতি আমার কোন রাগ বা ক্ষোভ নাই। তুমি জানো না তুমি আমার কত্ত প্রিয়। আমি কোনদিন এক মুহূর্তের জন্যও তোমার খারাপ চাই নাই। আমি তোমার পাশে থাকছি। তুমি কেবল প্রেমিকাই ছিলা না, তুমি ছিলা আমার একমাত্র বন্ধু, তুমি ছিলা আমার অভ্যাস। 

কত কিছুই তো করতে পারতাম তোমারে ধইরা রাখতে। কিন্তু প্রিয় মানুষটা আমারে ভালোই বাসে নাই এইটা সহ্য করতাম কেম্নে? নিরবে তাই তোমার পথ থেইকা সইরা আসছি। কষ্ট হয় জানো। বুকের ভিতরটায় নরকের মত যন্ত্রনা হয়। দাঁতে দাঁত চাইপা সেইসব সহ্য করি। নিজেরে আমি তোমার থেকে অনেক দূরে নিয়া যাবো সুইটি। তুমি আর খুঁইজাও পাবা না আমারে। আমি তোমার জন্য দোয়া করি সব সময়। আল্লাহ তোমারে ভালো রাখুক। আমি আমার জীবনে তোমার মত অসাধারণ মেয়ে দেখি নাই। তুমি অনেক ভালো কিছু ডিজার্ভ করো জীবনে। পারলে আমারে ক্ষমা কইরা দিও। আমি তোমার সুখ হইতে পারলাম না, তোমার ভালোবাসার মানুষ হইতে পারলাম না। আমার ব্যর্থতা!

বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

তুমি আমার আমৃত্যু আক্ষেপ!

তোমাকে আমার শেষ কথাগুলো বলা হলো না। না বলাই থাকুক।
জীবনে সব ভালো পেতে নেই। কিছু ভালো ছেড়ে দিতে হয় আজীবন আক্ষেপ করার জন্য।
বেঁচে থাকার জন্য ঐ আক্ষেপটুকু বড্ড জরুরী। 

তুমি আমার আমৃত্যু আক্ষেপ।!
নিদারুন আক্ষেপ!

No blame, regret or tears!

I will never blame you for leaving or for breaking my heart.

If there will be a chance to love you again, I will always choose to do it all over again.
Through the pain, sorrow or happiness because the love we had was rare. I will do it all over again, just to spend forever with you.🖤🌸
I love you my Sweet Pain, always❤️



হয়তো আমরা একসাথে থাকবো না!

হয়তো আমরা একসাথে থাকবো না।
আমাদের চোখে রয়ে যাবে, না দেখা একটা লাল নীল সংসারের রং।
আমাদের বুকে সয়ে যাবে, হারানোর ব্যথা।
আমাদের মনের ভেতর জমে যাবে ঘৃণা, অবজ্ঞা কিংবা অভিযোগ।

হয়তো আমরা একসাথে থাকবো না।
দুটো কফির মগ পাশাপাশি রাখলে, মনে পড়ে যাবে পাশাপাশি দুটো মানুষের গল্প।
ভোর রাতে ঘুম ভেঙে গেলে, বুকের ভেতর খচখচ করে নিঃসঙ্গ হয়ে যাবে পৃথিবী।

হয়তো একদিন আমাদের যোগাযোগ নিভে যাবে ধীরে।
ভুলে যেতে হবে ডাকনাম; দায়িত্বের ভিড়ে।

হয়তো আমাদের একসাথে থাকা হবে না প্রিয় অতন্দ্রিলা,
আমাদের একটা সংসার হবে না।
তবুও আমাদের একটা সংসার ভেঙে যাবে।




শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

তবুও তুমি আছো! 🖤

কোথাও না কোথাও তুমি আমার সাথেই রয়ে গেছো, স্মৃতিতে, দুঃস্বপ্নে, অসম্ভব যন্ত্রণায়, মন খারাপ করা প্রতিটা গানের লাইনে, মাঝরাত্তিরের বুকের ব্যথায়, নির্ঘুম প্রতিটা রাতে, ঘোর লাগা সিনেমা বা সিরিজে, হাসতে গিয়ে আটকে যাওয়া কোন মিমিতে, কক্সবাজারের রাত, সেন্টমার্টিনের উত্তাল ঢেউ বা কুয়াকাটার সূর্যাস্তে, তুমি আছো।


আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিলো, সেসব ভালো তোমার হোক। 


মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

যন্ত্রনার সাতকাহন!

☼

 ...ইদানিং হঠাৎ হঠাৎ আমার বুকের ভেতর কেমন ছ্যাঁৎ করে ওঠে। 'ছ্যাঁৎ' মানে বুঝেছেন? নানান স্কেল আর কাঁটা কম্পাস নিয়ে বুকের ঠিক মাঝখানটা বের করতে পারলে হয়তো ভিজ্যুয়ালি দেখানো যেত এই ছ্যাঁৎ করে ওঠা অনুভূতির যে যন্ত্রনা তার তীব্রতা কতটা গভীর। আচ্ছা, যন্ত্রনার তীব্রতা পরিমাপের কি কোন স্কেল আছে? আছে বোধহয়, কিভাবে জানলাম? একটা ঘটনা বলি...

একবার হুট করেই আমার বুকের ডান দিকে প্রচন্ড রকম ব্যথা আরম্ভ হলো। আমার সহজে অসুখ-বিসুখ হয় না। এজম্যই কিনা, সামান্য অসুখেই আমি ভরে আধমরা হয়ে যাই। সুইটির এসব নিয়ে বিরক্তির শেষ নেই। যাইহোক, বুকের ব্যথা দিন দিন ভয়ংকর রূপ নিলো। প্রতি নিশ্বাসে নিশ্বাসে ব্যথা করতে লাগলো। উপায়ন্ত না দেখে সুইটি আমাকে অনেকটা ধরে বেঁধেই এক সন্ধায় ডাক্তারের কাছে নিয়ে গেলো। 

ডাক্তার স্টেথেস্কোপ নিয়ে এখানে ওখানে টিপ দিয়ে জোরে নিশ্বাস নিতে বললেন। আমি বললাম জোরে নিশ্বাস নিলে আমি বুকে ব্যথা পাই। আমার কথাকে মনে হলো না উনি খুব একটা পাত্তা দিলেন। উলটো আমাকে তার কাছাকাছি নিয়ে দাঁড় করিয়ে বুকের ব্যথা বরাবর সজোরে চাপ দিলেন। ব্যথায় অন্তরাত্ত্বা কেঁপে গেলেও একজন স্ট্রং পুরুষের মতই মুখে হাসি ধরে রেখেছি। পুরুষ মাত্রই বুকে ব্যথা আর মুখে হাসি ধরে রাখার ক্ষমতা নিয়ে জন্মায়।

ডাক্তার কি বুঝলো কে জানে, প্রেসক্রিপশনের এ পাতা ও পাতা ভরাট করে দূর্বোধ্য ভাষায় কি কি যেন লিখে দিলেন। ভাগ্যিস আমার সাথে (প্রায়) ডাক্তার সুইটি ছিলো। সে প্রেসক্রিপশন দেখে জানালো, আমাকে প্রায় হাফ ডজন টেস্ট এবং কেজিখানেক ঔষধ দেয়া হয়েছে। জিজ্ঞেস করলাম, 'লাস্টে জমদূতের মত বুকের উপ্রে যাতা দিলো কেন?' ও বললো এটা নাকি 'পেইন টেস্ট' করছে!
আমি জিজ্ঞেস করলাম, তোমার কি মনে হয়? পেইন টেস্টে কত মার্কস পেয়েছি?
ও বললো, ডাক্তারেরটা জানি না, আমি হলে দশে তিন দিতাম! 😁
আমি অবাক হয়ে বললাম, মাত্র তিন? ব্যথায় আমার কলিজা এফোড়ওফোর হয়ে গেছে, দশে অন্তত আট-নয় পাওয়ার কথা ছিলো!
সুইটি ভ্রু কুচকে বললো, সেইটা তো তোমার মুখের ভাব দেখে বুঝা যায় নাই। চাপ দিলে যদি 'ওরে বাবা-রে' বলে চিল্লানি দিয়ে উঠতা, তাহলে হয়তো ছয়-সাত পাইতা। আর ব্যথায় অজ্ঞান হয়ে গেলে নয়।
দশ পাওয়ার জন্য কি করতে হবে তা আর জিজ্ঞেস করার সাহস পেলাম না!

চিন্তা করুন, দুনিয়াতে ব্যথা পরিমাপের স্কেলের হচ্ছে এই বেহাল দশা।  

☼

যাইহোক, আমার বিশ্বাস বুকের ভেতর 'ছ্যাৎ' করে ওঠা যন্ত্রনার তীব্রতা ডাক্তারদের পক্ষে মাপা সম্ভব নয়। সম্ভব হলে ডাক্তার সুইটি অবশ্যই কোন না কোন ব্যবস্থা নিতেন। কেননা বুকের গভীর থেকে দেহের প্রতিটি কোষে কোষে ক্যান্সারের মত ছড়িয়ে যাওয়া তীব্র এই যন্ত্রনার রূপকার তিনি। যার ভালোবাসা সুন্দর, তার দেয়া যন্ত্রনা যে পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক তা আমি হাড়ে-হাড্ডিতে টের পাচ্ছি।

এই ধরুন আজ খুব সকালে স্বপ্ন দেখছিলাম, যন্ত্রনার স্বপ্ন। অদৃশ্য কোন জায়গা থেকে আমার দিকে মুহুর্মুহু তীর ছুটে এসে শরীরে বিঁধছে। সেইসেই তীর নয়, তীরের ফলায় লাভার মত আগুন, শরীর ঝলসে এফোড়ফোড় করে তীরগুলো আমাকে ছিন্ন করে বেড়িয়ে যাচ্ছে। যখন আর সহ্য করতে পারছিলাম না, তখনই আমার ঘুম ভেঙ্গে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, বিছানার পাশের জানালাটা হাট করে খোলা, সেখান দিয়ে তীব্র ঠান্ডা বৃষ্টির ফোটা তীরের আমার গায়ে এসে পড়ছে। হাফ ছেড়ে বাঁচলাম, স্বপ্ন বৃষ্টিকে তীরের বানিয়ে দিয়েছে।

পরক্ষনেই ঐ ছ্যাৎ করে ওঠা যন্ত্রনাটা আমাকে পেয়ে বসলো। খুব ইচ্ছে করছে ওকে ফোন দিয়ে বলি, 'এ্যাই, আমার এখানে কুত্তা-বিলাই টাইপ বৃষ্টি হচ্ছে, তোমার ওখানে বৃষ্টি হয় না??'
যন্ত্রনাগুলো বুক থেকে কোষে ছড়াচ্ছে, আমি আর দেরি করলাম না। আস্তে আস্তে ছাদে চলে গেলাম। ব্যস্ত শহর এখনও ঘুমাচ্ছে। বৃষ্টিস্নাত সকালের আলসেমিতে পুরো শহরবাসী আচ্ছন্ন। কতদিন আয়োজন করে বৃষ্টিতে ভেঁজা হয় না। বৃষ্টির ফোটা ছুঁয়ে যেতেই অদ্ভূত এক ঘোর লাগা অনুভূতির অবতারনা হয়। আমি এসব অনুভূতির প্রকাশ জানি না, হয়তো জানবোও না কোনদিন!


মাহদী জামান 

২৭-০৬-২০২৩




The Proper Way To Leave Someone!

কাউকে ছেড়ে যেতেই হলে তাকে একেবারে ভেঙেচুরে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ছুঁড়ে চলে যাওয়া বড্ড অমানবিক। হতেই পারে আপনার কাছে ১০১টা ভ্যালিড কারণ আছে ছেড়ে ...