বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ভুল স্মৃতি!

 

তোমার সাথে বিচ্ছেদের এতোদিন পরে এসে মনে হচ্ছে, সেদিন যদি তোমার সাথে আমার দেখাটা না হতো। অন্তত পরের বার আমরা আর না জড়াতাম। তাহলে হয়তো আজ তোমায় নিয়ে সৃষ্টি বিষন্ন সব দুঃসহ স্মৃতি বয়ে বেড়ানোর সাজাটা আমায় ভোগ করতে হতো না।

ভেবেছিলাম, সময় সব ভুলিয়ে দেবে। কিন্তু প্রতিটা নিঃশ্বাসে আজও তোমার ছায়া লেগে থাকে। রাত্রির একান্ত নীরবতায়, কোনো প্রস্তুতি ছাড়া হঠাৎই তোমার কথা মনে পড়ে যায়। মনে হয়, আমাদের শেষ দেখা সেদিনই হতো যদি... তাহলে হয়তো ভুলে যেতে পারতাম, এই বুকের ভেতর এতটা ভার জমে থাকতো না।

তুমি জানো? আমি কতবার তোমায় ভুলে যেতে চেয়েছি। চেয়েছি, নতুন ভোরের আলোয় তোমার সমস্ত স্মৃতি মুছে ফেলতে। কিন্তু যতবারই চেষ্টা করেছি, ততবারই তোমার স্মৃতিরা আরও গভীর শেকড় ছড়িয়ে বসেছে আমার হৃদয়ে। অন্তত তুমি তো আমাকে সব থেকে ভালো চিনতে-জানতে। কতটা আবেগী আর দুঃখ বিলাসী ছেলে আমি। অথচ একটাবারও খোঁজ নিলে না - কেমন কষ্টে কাটে রাত!



আজ এতদিন পরে ফিরে তাকিয়ে দেখি—তোমাকে হারানোটা কষ্টের ছিল, কিন্তু তোমাকে পাওয়ার সেই সুদীর্ঘ সময়টাই বোধহয় সবচেয়ে বেশি বিষণ্ণ সুখের।

হয়তো আর কখনোই দেখা হবে না আমাদের। হয়তো কোনো এক বিকেলে দু’জন দু’পথে হেঁটে যাবো, অপরিচিতের মতো। তবু জানবে, কোনো এক মন খারাপের দিনে আমি এখনো তোমাকে মনে করি... নিঃশব্দে।


The Proper Way To Leave Someone!

কাউকে ছেড়ে যেতেই হলে তাকে একেবারে ভেঙেচুরে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ছুঁড়ে চলে যাওয়া বড্ড অমানবিক। হতেই পারে আপনার কাছে ১০১টা ভ্যালিড কারণ আছে ছেড়ে ...