সেদিন সন্ধ্যায় জাবির পুরান কলা ভবনের বৃদ্ধ জারুল গাছের নিচে তোমাকে আকড়ে ধরে সেই আকুতি ভরা কান্নার পর আর কোনদিন দেখা হয় নি তোমার সাথে, যোগাযোগ হয় নি। পাগলের মত দৌড়ে বেড়িয়েছি আমি। অসহায়ের মত হাহাকার করেছি তোমার কন্ঠে দুটো শব্দ শোনার জন্য। কতটা নির্দয়ের মত আচরন করেছিলে তুমি। আমাকে ভেঙ্গেচুরে খানখান করে দিয়েছো!
এরপর আজ অনেকগুলো দিন কেটে গেছে, সময়ের সাথে সাথে দূরত্ব কেবল বেড়েছেই। তোমার পথ ছেড়ে দিয়ে একদম নিঃশব্দে চলে এসেছি নিরূপায় আমি। - তাও কি মুক্তি মিলেছে আমার?
তুমি লিখেছিলে, 'আমি আর নেই প্রিয়, তুমি কেন বোঝো না?' আমি সত্যিই বুঝি নি। আমার বিশ্বাস হয় নি। তুমি আমাকে কথা দিয়েছিলে, আমাদের একটা সংসার হবে। লাল-নীল সংসার। তুমি আমার ছোট্ট লাল খামে কথা দিয়েছিলে, 'You and I are perfect for each other, never believe anything else!' আমি কিভাবে তোমার চলে যাওয়া বিশ্বাস করতাম বলো?
প্রায় রাতেই দূরের ঐ তাদের দিকে তাকিয়ে ভাবি, হাজার হাজার আলোকবর্ষ দূরে থাকার পরও তো ঐ তারাদের দেখতে পাই। তুমি কি ওদের চেয়েও দূরে? তোমায় কেন আর কোনদিন দেখতে পাই নি আমি? কেন ভুল করেও আর কোনদিন দেখা হয় যায় না?
কই এমন তো হওয়ার কথা ছিলো না কোনদিন!




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন